ভাইরাল ভিডিওর সূত্র ধরে স্বজনদের যোগাযোগ, পরিচয় নিশ্চিতের পর উদ্ধার অভিযান চালায় বিজিবি
জামালপুর সীমান্তে শূন্যরেখায় ২৪ ঘণ্টা আটকে থাকা বৃদ্ধ উদ্ধার, পরিচয় নিশ্চিত করলো বিজিবি
- আপডেট সময় : ০৬:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তের শূন্যরেখা (নো ম্যান্স ল্যান্ড) এলাকায় প্রায় ২৪ ঘণ্টা আটকে থাকার পর এক বৃদ্ধকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া ওই বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মণ। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁদলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৮২ সংলগ্ন শূন্যরেখা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে বকশীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বৃদ্ধের একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার স্বজনেরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে।
এর আগে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে কামালপুর সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। সীমান্তে নিরাপত্তা জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে বিজিবি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, “উদ্ধার হওয়া বৃদ্ধকে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আনুষ্ঠানিকতা শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়ার আগে প্রায় ২৪ ঘণ্টা ধরে ওই বৃদ্ধ শূন্যরেখা এলাকায় অবস্থান করছিলেন। বিষয়টি মানবিক বিবেচনায় গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয় এবং পরবর্তীতে পরিচয় শনাক্তের পর উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা, মানবিক সহায়তা ও নাগরিক পরিচয় যাচাইয়ের বিষয়টি আবারও সামনে এসেছে বলে মনে করছেন সচেতন মহল।














