ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সপ্তাহব্যাপী অভিযান, মহানগরীর ৩০ ওয়ার্ডে চলবে ফগার স্প্রে ও লার্ভিসাইড কার্যক্রম
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার স্প্রে শুরু, চলবে ২৩ জুন পর্যন্ত
- আপডেট সময় : ০২:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

রাজশাহী | ১০ জুন ২০২৬ : ডেঙ্গু প্রতিরোধ ও মশার প্রজননস্থল ধ্বংসে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিনে কীটনাশক স্প্রে এবং লার্ভিসাইড কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর উপশহর মোড়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করে বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার স্প্রে কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ২৩ জুন পর্যন্ত চলবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। এজন্য বাসাবাড়ি, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, ভাঙা পাত্র, পরিত্যক্ত টায়ার, টিনের কৌটা ও নারিকেলের খোসাসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
এর আগে গত ৬ জুন ডেঙ্গু প্রতিরোধে নগরীতে জনসচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। প্রশাসক জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে রাসিকের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগ সূত্রে জানা যায়, মহানগরীর ৩০টি ওয়ার্ডে ড্রেন, নালা, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, ঝোপঝাড় ও মশার সম্ভাব্য প্রজননস্থলে ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন পাঁচটি ওয়ার্ডে দুই সাইকেলে ১৪ দিনব্যাপী চক্রাকারে স্প্রে কার্যক্রম পরিচালিত হবে।
ফগার স্প্রে কার্যক্রমের সূচি:
বুধবার: ৯, ১১, ১২, ১৩ ও ২২ নম্বর ওয়ার্ড
বৃহস্পতিবার: ২০, ২১, ২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড
শুক্রবার: ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ড
শনিবার: ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড
রবিবার: ৬, ৭, ৮, ১০ ও ১৪ নম্বর ওয়ার্ড
সোমবার: ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড
মঙ্গলবার: সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান
রাসিক জানিয়েছে, ১০ জুন থেকে ২৩ জুন ২০২৬ পর্যন্ত পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা হবে।














