শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ
কালিয়াকৈরে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত, যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান
- আপডেট সময় : ০৯:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

কালিয়াকৈর, গাজীপুর | ১০ জুন ২০২৬ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের শিখা (SHIKHA) প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্র্যাক শিখা প্রকল্পের উদ্যোগে এ ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়।
কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।
শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, জেলা ব্র্যাক সমন্বয়ক আবু জাফরসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক শিখা প্রকল্পের প্রজেক্ট অফিসার তাজুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন, কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু এবং অভিযোগ নিষ্পত্তির স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, স্থানীয় প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একইসঙ্গে যৌন হয়রানি সংক্রান্ত বিষয়ে অভিভাবকদের সচেতন করে তুলতে নিয়মিত প্রচার-প্রচারণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ব্র্যাক শিখা প্রকল্পের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।














