ফকিরহাটে সশস্ত্র হামলায় নিহত বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি; আহত বিএনপি নেতা, ঘটনায় উত্তেজনা
বাগেরহাটে কৃষক দল নেতা বাদল মোড়লকে গলাকেটে হত্যা, আহত বিএনপি নেতা; খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
- আপডেট সময় : ০৬:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

বাগেরহাট | ১০ জুন ২০২৬ :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৪০) নিহত হয়েছেন। একই ঘটনায় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল (৪২) গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বাদল মোড়ল আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়লের গতিরোধ করে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল। পরে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় হামলাকারীরা। একপর্যায়ে বাদল মোড়লকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত হন আব্দুল্লাহ মোড়ল।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু হয়েছে।
এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (১০ জুন) বেলা ১১টায় বাগেরহাট জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে এ হত্যাকাণ্ড ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত রহস্য উদঘাটন করে জড়িতদের গ্রেপ্তার করবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।














