মান্দারতলা ইসলামাবাদ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, মাদক চক্রের আরও সদস্যদের খুঁজছে পুলিশ
গোপালগঞ্জে ডিবির অভিযানে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০২:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ | ৯ জুন ২০২৬ : গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা ইসলামাবাদ গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল সোমবার (৮ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার মোল্লারহাট এলাকার সের আলী মোল্লার ছেলে মো. মানিক মিয়া এবং মান্দারতলা গ্রামের গোলাম মোস্তফা খানের ছেলে মো. সজিব খান।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রির তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মান্দারতলা ইসলামাবাদ গ্রামের একটি কক্ষ থেকে ৬৫০ পিস ইয়াবা ও ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মানিক ও সজিবকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী ডিবির উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা স্থানীয়ভাবে মাদক সংগ্রহ ও বিক্রির কাজে সক্রিয় ছিলেন বলে তদন্তে জানা গেছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।














