বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশু নির্যাতনের অভিযোগ, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
চিতলমারীতে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
- আপডেট সময় : ০৬:০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

বাগেরহাট, চিতলমারী | ৯ জুন ২০২৬ : বাগেরহাটের চিতলমারী উপজেলা এলাকায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্ত (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চিতলমারী থানা পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৭ জুন দুপুর আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী শিশু প্রতিবেশী পরিমল ভক্তের ছেলেকে ডাকতে তার বাড়িতে যায়। অভিযোগে বলা হয়, এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার পর মঙ্গলবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চিতলমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পরিমল ভক্তকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার ঝালডাঙ্গা গ্রামের গিরিশ ভক্তের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে চিতলমারী থানার ওসি (তদন্ত) রোকেয়া বেগম জানান, মামলার পর আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুকে মেডিকেল পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।














