সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে নৌকা ডুবে জেলে নিখোঁজ, কপোতাক্ষ নদীতে উদ্ধার অভিযান চলছে
সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে নৌকা ডুবে জেলে নিখোঁজ, কপোতাক্ষ নদীতে উদ্ধার অভিযান অব্যাহত
- আপডেট সময় : ১০:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা | ৮ জুন ২০২৬ : সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা এলাকায় কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নৌকা ডুবে আরিফ হোসেন (৩৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (৮ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাকলা গ্রামের মৃত আব্দুল হাই সানার ছেলে আরিফ হোসেন প্রতিদিনের মতো কপোতাক্ষ নদীতে মাছ ধরতে যান। বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে তার নৌকায় বজ্রপাত আঘাত হানলে তিনি ছিটকে নদীতে পড়ে যান এবং নৌকাটি ডুবে যায়।
পরে স্থানীয় জেলে ও এলাকাবাসীর সহযোগিতায় ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন আরিফ হোসেন। তার সন্ধানে আত্মীয়-স্বজন, স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসী নদীতে ব্যাপক তল্লাশি চালাচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ জানান, বজ্রপাতের সময় নৌকায় আরিফ হোসেন একাই ছিলেন। বজ্রাঘাতের পর তিনি নদীতে পড়ে গেলে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, ঘটনাটি জানার পর উদ্ধার তৎপরতার ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়রা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু করবে।
আশাশুনি ফায়ার সার্ভিসের সদস্য জাকির হোসেন বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছে।
এদিকে বজ্রপাতজনিত এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন। প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো নিখোঁজ জেলেকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।














