মে মাসের কর্মমূল্যায়নে সেরা কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ-আল-ফারুক
নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, কর্মমূল্যায়নে নগদ অর্থ, সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ
- আপডেট সময় : ১০:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

নরসিংদী | ৮ জুন ২০২৬ : নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ-আল-ফারুক।
সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন এবং তাদের পেশাগত ও কল্যাণমূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সদস্যদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ-আল-ফারুক বলেন, জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে সকল পুলিশ সদস্যকে সততা, আন্তরিকতা, দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
একই সঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ, সুযোগ-সুবিধা এবং কর্মপরিবেশ উন্নয়নের বিষয়েও জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় মে ২০২৬ মাসের কর্মমূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা অফিসার ও ফোর্সদের মাঝে নগদ অর্থ, সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট বিতরণ করা হয়।
মাসের সেরা কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনুর মিয়া। এছাড়াও বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য পুরস্কৃত করা হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের ইনচার্জ, থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নরসিংদী জেলা পুলিশের এ ধরনের কল্যাণ সভা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।














