সিলেটে প্রথমবারের মতো আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে ছয় সাংবাদিককে পদক, সম্মাননাপত্র ও সম্মানী প্রদান
মফস্বল সাংবাদিকতায় ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন সাংবাদিক হারিছ আলী
- আপডেট সময় : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

সিলেটে প্রথমবারের মতো আয়োজিত ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড-২০২৬’-এ সম্মানিত হয়েছেন সাংবাদিক হারিছ আলী। মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (৬ জুন) রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের নির্ভানা ইন হলরুমে আয়োজিত জমকালো অনুষ্ঠানে হারিছ আলীসহ মোট ছয়জন সাংবাদিকের হাতে পদক, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানকালে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য তিনজন সাংবাদিক এবং নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও তিনজন সাংবাদিককে ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাওয়ার্ডের প্রবর্তক সংস্থা মাহমুদ হোসাইন ট্রাস্টের ট্রাস্টি এবং বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাডভাইজারি কাউন্সিলের উপদেষ্টা অহিদ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের অবদানের স্বীকৃতি দিতে এ ধরনের পুরস্কার আয়োজন ভবিষ্যতে আরও গুণগত সাংবাদিকতা চর্চাকে উৎসাহিত করবে।
সম্মাননা প্রাপ্ত সাংবাদিক হারিছ আলী তার প্রতিক্রিয়ায় বলেন, এই স্বীকৃতি তাকে আরও দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা করতে অনুপ্রাণিত করবে।
সিলেটের সাংবাদিক সমাজ, সুধীজন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।














