বাদশা-ফয়সাল ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, দুঃস্থ পরিবারকে আর্থিক সহায়তা
হরিরামপুরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরণ
- আপডেট সময় : ০৫:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার বিতরণ করেছে বাদশা-ফয়সাল ফাউন্ডেশন। শিক্ষার্থীদের সাফল্যকে উৎসাহিত করতে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের অনুপ্রেরণা জোগাতে এ আয়োজন করা হয়।
সরকারি বিচারপতি নুরুল ইসলাম ডিগ্রি কলেজের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বিচারপতি নুরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোখলেছুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের সাবেক যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক নূরুন্নাহার এবং বাদশা-ফয়সাল ফাউন্ডেশনের অন্যতম সদস্য এ.বি.এম. ফজলে রাব্বি।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের উচ্চশিক্ষা ও কর্মজীবনে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উপজেলার কুইস্তারা গ্রামের দুঃস্থ পরিবারের সদস্য মুনাফের হাতে নগদ ৪ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোখলেছুর রহমান বলেন, “এ ধরনের মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও উৎসাহিত করে। এমন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাই।”
বাদশা-ফয়সাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল আহমেদ সেতু বলেন, “আমাদের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”
শিক্ষা উন্নয়ন, মেধাবীদের উৎসাহ প্রদান এবং মানবিক সহায়তার সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।














