ঠাকুরগাঁও সদর উপজেলার চন্ডিপুর মৌলভীপাড়ায় অভিযান; পলাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে
ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের অভিযানে ৩০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেপ্তার, নগদ ২১ হাজার টাকা জব্দ
- আপডেট সময় : ০৬:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ নার্গিস আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চন্ডিপুর মৌলভীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার সঙ্গে দুই বছর বয়সী একটি দুগ্ধপোষ্য কন্যা সন্তান ছিল।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে চন্ডিপুর মৌলভীপাড়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি মো. জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম বাড়ির পেছনের গেট দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী নার্গিস আক্তারকে বাড়ির উঠান থেকে আটক করা হয়।
পরে স্থানীয় লোকজন ও নারী পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে নার্গিস আক্তারের কাছ থেকে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় শনিবার (৬ জুন) ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পলাতক স্বামী জাহাঙ্গীর আলমকেও আসামি করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত নার্গিস আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাকিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে এলাকায় নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
তিনি আরও বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আদালতের কাছে আসামিকে জেলহাজতে রাখার আবেদন করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।














