পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শোধনাগারে পরিশোধন ছাড়া বর্জ্য নিষ্কাশন না করার নির্দেশ, ইপিজেড সম্প্রসারণেরও প্রস্তাব
কুমিল্লা ইপিজেডের রাসায়নিক বর্জ্য প্রাকৃতিক খালে ফেলা বন্ধের নির্দেশ এমপি মনিরুল হক চৌধুরীর
- আপডেট সময় : ০৫:৫৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে নির্গত রাসায়নিক বর্জ্য যথাযথভাবে পরিশোধন ছাড়া প্রাকৃতিক খালে ফেলা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
শনিবার (৬ জুন) সকাল ১১টায় কুমিল্লা ইপিজেডের বেপজা সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত নির্বাহী পরিচালক (কমার্শিয়াল) হাসানুজ্জামান, অতিরিক্ত নির্বাহী পরিচালক (আইআর) ফেরদৌস, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী (৫ম গ্রেড) সফিকুল ইসলামসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় সভায় এমপি মনিরুল হক চৌধুরী বলেন, “কুমিল্লা ইপিজেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এখানে বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ হচ্ছে এবং লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পণ্য রপ্তানি হচ্ছে বলে আমি জেনেছি। এজন্য বেপজা কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।”
তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “ইপিজেডের বিষাক্ত রাসায়নিক বর্জ্য সিটি করপোরেশনের প্রাকৃতিক খালে মিশে জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এই বর্জ্য দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদে ছড়িয়ে কৃষিজমি ও ফসলের ক্ষতি করছে। ফলে কৃষকরা দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে পড়ছেন।”
তিনি আরও বলেন, “অনতিবিলম্বে ইপিজেডের সকল রাসায়নিক বর্জ্য শোধনাগারে (ETP) পরিশোধনের মাধ্যমে নিষ্কাশন করতে হবে। অন্যথায় কোনো অবস্থাতেই প্রাকৃতিক খালে রাসায়নিক বর্জ্য ফেলা যাবে না।”
এ সময় তিনি কুমিল্লা ইপিজেডের সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির কারণে বর্তমান ইপিজেডের সক্ষমতা বাড়ানো জরুরি। দক্ষিণাংশে থাকা খালি জমি ব্যবহার করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত ইপিজেড সম্প্রসারণ করা সম্ভব। পাশাপাশি গোমতী নদীর উত্তরাঞ্চলেও নতুন একটি ইপিজেড স্থাপনের সম্ভাবনা রয়েছে।
সভায় পরিবেশ সুরক্ষা, শিল্পায়নের টেকসই উন্নয়ন এবং স্থানীয় জনগণের স্বার্থ সংরক্ষণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।














