এডিস মশার বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ইউএনওর
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা, এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতার আহ্বান
- আপডেট সময় : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে বরগুনার আমতলীতে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১১টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জাতীয় স্বাস্থ্যসেবা (এনএসএস) কর্মসূচির কর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে সেদিকে সবার নজর দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জুনিয়র কনসালট্যান্ট ডা. হিমেল পাল, ডা. হোসনি মোবারক, সাংবাদিক মো. জাকির হোসেন এবং মো. আবু জিয়াদ।
বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এজন্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, এনএসএস কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।














