অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিভিন্ন অনিয়মের দায়ে ব্যবস্থা; আউশকান্দি বাজারে কালোবাজারি তদন্তের দাবি
নবীগঞ্জে র্যাব-৯ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানে ৬৩ হাজার টাকা জরিমানা, কালোবাজারি তদন্তের
- আপডেট সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

সারাদেশের ন্যায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ব্যবস্থা নেওয়া হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— অনুরাগ সুইট মিটের মালিক বানীপদ রায়কে ২০ হাজার টাকা, মুসলিম সুইট মিটের মালিক ফয়সাল হোসেনকে ১৫ হাজার টাকা, বনফুল অ্যান্ড কোম্পানির মালিক রিফাতকে ৮ হাজার টাকা, ইসওয়ান স্টোরের মালিক জাহিদ খানকে ১০ হাজার টাকা এবং ফাল্গুনী স্টোরের মালিক মিহির তালুকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে পাঁচটি প্রতিষ্ঠান থেকে ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি হীরাগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধ মজুদ, কালোবাজারি ও সিন্ডিকেটের মাধ্যমে ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন ও সিগারেট ব্যবসার অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
স্থানীয়দের দাবি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা ভ্রাম্যমাণ আদালতের অভিযান সম্পর্কে পূর্বাভাস পেলে অভিযুক্ত ব্যবসায়ীরা দোকান বন্ধ করে আত্মগোপনে চলে যান। ফলে আউশকান্দি হীরাগঞ্জ বাজারে সম্ভাব্য কালোবাজারি কার্যক্রম তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।














