অশোকতলায় অসহায় ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাং লিডারকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা
কুমিল্লায় ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই: কিশোর গ্যাং লিডার ‘টোকাই সামির’ আটক
- আপডেট সময় : ০৮:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে

কুমিল্লা | ৪ জুন ২০২৬ : কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় এক অসহায় ভিক্ষুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তার কাছ থেকে ১৬০ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাং লিডারকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, গত ৩১ মে সন্ধ্যায় কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় ওত পেতে থাকা একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা এক ভিক্ষুকের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং সারাদিনের ভিক্ষায় পাওয়া ১৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর আহত ভিক্ষুককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নজরে আসে।
পরে প্রশাসকের নির্দেশনায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশিকসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অভিযুক্তদের শনাক্তে কাজ শুরু করেন। অশোকতলা জামে মসজিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কিশোর গ্যাং লিডার ‘টোকাই সামির’কে শনাক্ত করা হয়।
বুধবার তাকে আটক করার পর বিষয়টি প্রশাসককে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতকে নিজেদের হেফাজতে নেয়।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “নগরীতে সন্ত্রাস, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের দাবি, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে দ্রুত বিচার ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত টহল জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।














