ভূমির মালিকানা ও স্থানীয়দের অধিকার নিশ্চিতের দাবিতে পদুয়ার বাজার বিশ্বরোডে মানববন্ধন; মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট
কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ভূমি বিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১৩ গ্রামের মানুষের বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হয়ে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিমানবন্দর-সংলগ্ন এলাকার ভূমির মালিকানা, কর আদায় এবং স্থানীয় জনগণের চলাচলের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ চলে আসছে। একাধিকবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা কাজী মিরাজ বলেন, তাদের পূর্বপুরুষদের মালিকানাধীন জমি থেকে বিভিন্নভাবে স্থানীয়দের বঞ্চিত করা হচ্ছে। অনেক ক্ষেত্রে চলাচলের পথ সংকুচিত বা বন্ধ করে দেওয়ার অভিযোগও করেন তিনি। দ্রুত ও ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানান এ স্থানীয় বাসিন্দা।
আরেক বাসিন্দা মাহবুব মজুমদার বলেন, ব্রিটিশ আমল থেকে তাদের পরিবারসহ এলাকার মানুষ এসব জমির মালিকানা ভোগ করে আসছেন। তাই ভূমি-সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগণের স্বার্থ ও অধিকার নিশ্চিত করা জরুরি।
‘নিজ ঘরে পরবাসী’ সংগঠনের সভাপতি আশিক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে ১৩ গ্রামের মানুষ নানা ধরনের ভূমি জটিলতার মধ্যে বসবাস করছেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
আন্দোলনকারীরা সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে ভূমি বিরোধ নিষ্পত্তি এবং স্থানীয় জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এদিকে কর্মসূচির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। এতে দূরপাল্লার যাত্রী ও পরিবহনচালকদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
মানববন্ধনে জেলা বিএনপির নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, ‘নিজ ঘরে পরবাসী’ সংগঠনের সভাপতি আশিক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদারসহ ১৩ গ্রামের কয়েক হাজার বাসিন্দা অংশ নেন।














