গোপন সংবাদের ভিত্তিতে বড়ইতলী এলাকায় অভিযান; জব্দ সিএনজি ও স্মার্টফোন
টেকনাফে সিএনজির ইঞ্জিন বক্সে বিশেষ কায়দায় লুকানো ২৩ হাজার ইয়াবা উদ্ধার, র্যাব-১৫ এর হাতে মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০৫:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে সিএনজি অটোরিকশার ইঞ্জিন বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-১৫। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
গত ২ জুন ২০২৬ বিকেল ৩টা ৫ মিনিটে টেকনাফের শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে র্যাব সদস্যরা তথ্য পান যে, একজন মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি সিএনজি অটোরিকশাযোগে বড়ইতলী এলাকা হয়ে টেকনাফ সদরের দিকে যাচ্ছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিকেল ৩টা ৪৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ইতলী এলাকায় র্যাব ক্যাম্পের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।
বিকেল ৪টা ১০ মিনিটে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামানো হয়। এ সময় চালক সৈয়দ আলম (৪৮)-কে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে অবৈধ মাদক থাকার কথা স্বীকার করেন।
পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেখানো মতে সিএনজির পিছনের ইঞ্জিন বক্সের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সৈয়দ আলম (৪৮), পিতা-মৃত আলী আহম্মদ, মাতা-নাছিমা বেগম। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা কোনাপাড়া স্টেশন গলি এলাকার বাসিন্দা।
অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক সিন্ডিকেট নির্মূল এবং চোরাচালান প্রতিরোধে র্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।














