উগ্র আচরণে আতঙ্কিত এলাকাবাসী, দ্রুত চিকিৎসা ও প্রশাসনিক পদক্ষেপের দাবি
পাঁচবিবিতে মানসিক ভারসাম্যহীন যুবকের উগ্র আচরণে আতঙ্ক, অসহায় বাবা-মা; প্রশাসনের হস্তক্ষেপ
- আপডেট সময় : ০৫:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

জয়পুরহাট ৩ জুন ২০২৬:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ডিলারপাড়া (ঠকেরঘাট) এলাকায় ইসমাইল হোসেন (২৩) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে অসহায় হয়ে পড়েছেন তার বাবা-মাও।
ইসমাইল হোসেন ওই এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগা ইসমাইল মাঝে মধ্যেই উগ্র ও অস্বাভাবিক আচরণ করে থাকেন। কখনও তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করলেও হঠাৎ করেই আক্রমণাত্মক হয়ে আশপাশের মানুষের ওপর হামলা বা মারধরের চেষ্টা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) সকালে গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের সঙ্গে কথা বলার সময় হঠাৎ উত্তেজিত হয়ে তাকে মারধরের চেষ্টা করেন ইসমাইল। এ সময় স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে নজরুল ইসলামকে রক্ষা করেন। পরে ইসমাইল আরও অস্বাভাবিক আচরণ শুরু করলে নিরাপত্তার স্বার্থে গ্রামবাসী তাকে একটি ঘরে আটকে রাখেন এবং বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন।
এলাকাবাসীর দাবি, ইসমাইল প্রায়ই এ ধরনের আচরণ করে থাকেন এবং অতীতেও একাধিক ব্যক্তিকে মারধর করেছেন। দ্রুত তাকে বিশেষায়িত মানসিক স্বাস্থ্যসেবা বা হাসপাতালে ভর্তি করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমি তার আচরণ পর্যবেক্ষণ করেছি। তার বর্তমান মানসিক অবস্থা বিবেচনায় সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।”
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরিবারের সঙ্গে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এলাকাবাসী দ্রুত চিকিৎসা ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ইসমাইল যথাযথ চিকিৎসা পায় এবং সাধারণ মানুষের নিরাপত্তাও নিশ্চিত হয়।














