কালিয়াকৈরে তীব্র তাপদাহে জনজীবন দুর্বিষহ, গরমজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি
- আপডেট সময় : ০৩:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

গাজীপুর, কালিয়াকৈর | ৩ জুন ২০২৬ :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলাজুড়ে চলমান তীব্র তাপদাহে জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়েছে। প্রখর রোদ, গরম বাতাস এবং অসহনীয় তাপমাত্রার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়ায় রাস্তাঘাট, বাজার, শিল্পাঞ্চল ও জনবহুল এলাকায় মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
উপজেলার চন্দ্রা ত্রিমোড়, হরতকিতলা, আমতলা, ডাইনকিনি, মাইওয়ান মোড়, চারতলা, মধ্যপাড়া, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর পৌর এলাকা এবং বিভিন্ন গ্রামীণ অঞ্চলে দুপুরের পর বাইরে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। তীব্র রোদে পিচঢালা সড়ক উত্তপ্ত হয়ে উঠছে। ফলে রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক ও শিল্প কারখানার শ্রমিকরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা সিয়াম জানান, কয়েকদিন ধরে রাতেও স্বস্তি মিলছে না। দিনের পাশাপাশি রাতেও প্রচণ্ড গরমে মানুষ অস্বস্তিতে ভুগছেন। শিশু ও বয়স্কদের মধ্যে জ্বর, পানিশূন্যতা, ক্লান্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়েছে।
উপজেলার হাসপাতাল ও ক্লিনিকগুলোতে হিটস্ট্রোক, ডায়রিয়া ও গরমজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা জানান, অতিরিক্ত গরমে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে।
তাই বিশেষ প্রয়োজন ছাড়া দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি বেশি করে বিশুদ্ধ পানি পান, ডাবের পানি, লেবুর শরবত ও পুষ্টিকর হালকা খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা।
শিল্প কারখানাগুলোতে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও তীব্র গরমের কারণে কর্মপরিবেশ অস্বস্তিকর হয়ে উঠেছে।
অনেক শ্রমিক কাজের ফাঁকে বারবার পানি পান করেও স্বস্তি পাচ্ছেন না। দীর্ঘ সময় কাজ করতে গিয়ে মাথা ঘোরা, অবসাদ ও শারীরিক দুর্বলতায় ভুগছেন বলে জানিয়েছেন তারা।
এদিকে প্রচণ্ড গরমের কারণে কালিয়াকৈরের বিভিন্ন বাজারে ঠান্ডা পানীয়, আখের রস, লেবুর শরবত ও তরমুজের চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। রাস্তার পাশের অস্থায়ী শরবতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই গরম থেকে রক্ষা পেতে গাছের ছায়ায় কিংবা শীতল স্থানে বিশ্রাম নিচ্ছেন।
পরিবেশ ও আবহাওয়া বিশ্লেষকরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ, বৃক্ষনিধন এবং পরিবেশ দূষণের কারণে প্রতিবছর গরমের তীব্রতা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানো, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
তীব্র এই দাবদাহের মধ্যে এখন একটুখানি বৃষ্টি এবং স্বস্তিদায়ক আবহাওয়ার অপেক্ষায় রয়েছে কালিয়াকৈরের সাধারণ মানুষ।














