বীরগঞ্জে শালবাগানে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
- আপডেট সময় : ০৭:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

দিনাজপুর | ২ জুন ২০২৬ : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুরি ইউনিয়নের ভোগডোমা গ্রামের একটি শালবাগান থেকে রাসেল রানা (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (২ জুন) সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি লিচু সংগ্রহ করতে গিয়ে ভোগডোমা গ্রামের শালবাগানে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাসেল রানার মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি বীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ও বীরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময়ে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত রাসেল রানা উপজেলার ভোগডোমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মরদেহের মাথার পেছনের অংশ এবং বাম পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথার আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণের আলামতও দেখা গেছে। এসব কারণে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বীরগঞ্জ থানা পুলিশ আরও জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে অথবা তদন্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ সৃষ্টি হলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।














