টাঙ্গাইলের ভূঞাপুর নতুন বাইপাস সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা; ঘটনাস্থলেই প্রাণ গেল এক যুবকের
ভূঞাপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১
- আপডেট সময় : ০৭:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নতুন বাইপাস সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আলম নামে আরও একজন।
রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস রোড এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ আকন্দ পশ্চিম ভূঞাপুর গ্রামের বাসিন্দা ও কালু আকন্দের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভূঞাপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি পশ্চিম ভূঞাপুরে ফিরছিলেন আলম ও সুরুজ আকন্দ। পথে নতুন বাইপাস সড়কে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সুরুজ আকন্দের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক আলম। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।














