ঈদের রাতে কর্ণফুলী-পটিয়া মহাসড়কে ট্র্যাজেডি, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক
- আপডেট সময় : ০৯:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, পটিয়া | ২৯ মে ২০২৬ :
চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী সীমান্তবর্তী ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন তালতলা এলাকায় ঈদের রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের একটি দ্রুতগতির বাসের সঙ্গে বিপরীতমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের বাস (চট্টগ্রাম জ-১১-০১১৬) কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—
এমদাদুল ইসলাম রুবেল (২৭), আশিয়া ইউনিয়নের মল্লপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বোনের শ্বশুরবাড়িতে কোরবানির মাংস দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
মোহাম্মদ ইউসুফ কোং (৫৪), দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা। মেয়ের বাসায় কোরবানির মাংস পৌঁছে দিয়ে ফেরার পথে নিহত হন তিনি।
সজিব (২৪), কর্ণফুলী উপজেলার বাসিন্দা। তিনি পটিয়ায় আত্মীয়ের বাড়িতে মাংস নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান।
দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে নেওয়ার পর তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের চিকিৎসা চলছে।
পটিয়া হাইওয়ে থানার ওসি হারুনর রশীদ বলেন, “ঈগল পরিবহনের বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।”
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঈগল পরিবহনের বাসটি অতিরিক্ত গতিতে এবং উল্টো পথে চলাচল করছিল। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনার সঙ্গে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে ঈগল পরিবহনের বাস চলাচল বন্ধের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ড্রাইভিংয়ের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।














