ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগঝুঁকিপূর্ণ ও নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ইসলামিক রিলিফ বাংলাদেশ
আমতলীতে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ, উপকার পেল ৫৩৭ পরিবার
- আপডেট সময় : ০৭:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

আমতলী, বরগুনা | ২৯ মে ২০২৬ : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরগুনার আমতলী উপজেলায় সুবিধাবঞ্চিত, নিম্নআয়ের ও দুর্যোগঝুঁকিতে থাকা মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ মানবিক কার্যক্রমে ৫৩৭ জন উপকারভোগীর প্রত্যেককে ২ কেজি করে কুরবানির মাংস প্রদান করা হয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।
ইসলামিক রিলিফ বাংলাদেশের কর্মকর্তারা জানান, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় নিম্নআয়ের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ঈদ উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে পর্যায়ক্রমে আমতলী উপজেলায় মোট ১ হাজার ২২৫ জন উপকারভোগীর মাঝে কুরবানির মাংস বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা ওমর ফারুক, গুলিশাখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন আকন, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি সাগর চন্দ্র হাওলাদার, গুলিশাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদত হোসেন সেলিম এবং ইউপি সদস্য খোকন মিয়া।
এ সময় বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে দরিদ্র ও অসহায় মানুষের মুখে ঈদের হাসি আরও প্রসারিত হবে। ইসলামিক রিলিফ বাংলাদেশের এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।














