শিল্প কারখানা ছুটির পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লাখো মানুষের চাপ, দুপুরের পর ভয়াবহ যানজটের আশঙ্কা
ঈদযাত্রায় কালিয়াকৈর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, তীব্র যানজটের শঙ্কা
- আপডেট সময় : ০৫:৫৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

গাজীপুর | ২৬ মে ২০২৬ : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শিল্পাঞ্চল কালিয়াকৈরসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিল্প কারখানাগুলো দ্বিতীয় ধাপে ছুটি ঘোষণা করায় লাখ লাখ কর্মজীবী মানুষ নাড়ির টানে গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
এতে দুপুরের পর থেকে তীব্র যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সকাল থেকেই কালিয়াকৈর, সফিপুর, মৌচাক, কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, টঙ্গী, রাজেন্দ্রপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ী ও মাওনা এলাকার বিভিন্ন শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। ফলে এসব এলাকা থেকে একযোগে শ্রমিক ও কর্মজীবী মানুষ ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভিড় জমাতে শুরু করেন।
এর আগে সোমবার গাজীপুরের প্রায় ৪০ শতাংশ শিল্প কারখানা ছুটি ঘোষণা করায় রাতভর উত্তরাঞ্চলের ২৬ জেলার ঘরমুখো মানুষের চাপ ছিল সড়কে। মঙ্গলবার বাকি ৬০ শতাংশ কারখানা বন্ধ হওয়ায় যাত্রীচাপ আরও বেড়ে যায়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সকাল থেকেই যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। পরিবার-পরিজন নিয়ে নতুন পোশাক ও ঈদের আনন্দে বাড়ি ফিরতে অপেক্ষা করছেন হাজারো মানুষ। একই চিত্র দেখা গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, টঙ্গী বোর্ডবাজার ও গাজীপুর চৌরাস্তা এলাকায়।
যাত্রীদের অভিযোগ, সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও বৈরী আবহাওয়ার অজুহাতে পরিবহন চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাক ও পিকআপে করে ঝুঁকি নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছেন।
রাজশাহীগামী যাত্রী কামাল মিয়া বলেন, “সকালে কারখানা ছুটির পর বাড়ির উদ্দেশ্যে বের হয়েছি। কয়েকটি বাসে কথা বলেছি, এক হাজার টাকার নিচে ভাড়া নিতে চাচ্ছে না। ট্রাকে গেলে ৬০০ টাকায় যাওয়া যাবে। এখন চিন্তা করছি কীভাবে যাব।”
আরএস পরিবহনের চালক রাকিব হোসেন বলেন, “আজ সব শিল্প কারখানা একসঙ্গে ছুটি হওয়ায় যাত্রীর চাপ অনেক বেশি। উত্তরবঙ্গমুখী সড়কে এমনিতেই যানজট থাকে। দুপুরের পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম জানান, “গতকাল ৪০ শতাংশ কারখানা ছুটি হয়েছিল, আজ বাকি ৬০ শতাংশ ছুটি হয়েছে। ফলে আজ যাত্রীদের চাপ বেশি থাকবে। শুধু গাজীপুর নয়, ঢাকা ও সাভারের বিপুলসংখ্যক মানুষও এই মহাসড়ক ব্যবহার করবে। আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি এবং যানজট নিয়ন্ত্রণে কাজ করছি।”
এদিকে আবহাওয়া বৈরী থাকায় ঈদযাত্রায় দুর্ভোগ আরও বেড়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতির যানবাহন, অতিরিক্ত যাত্রীচাপ ও ভাঙাচোরা সড়কের কারণে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।














