শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভা
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ | ২৫ মে ২০২৬ : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে দলীয় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সভায় বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করা হয়।
সোমবার (২৫ মে) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে অনুষ্ঠিত সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু), যুগ্ম আহ্বায়ক হায়াত উদ-দৌলা ও ওবাইদুল পাঠানসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
এছাড়াও সভায় জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন থানা ও পৌর কমিটির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তার ভূমিকা এবং দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা আগামী ৩০ মে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার করেন।














