ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রশাসনের অভিযান, উল্টো পথে চলায় ট্রাককে জরিমানা
নরসিংদীর শিবপুরে ইটাখোলা মোড়ে অবৈধ দোকান ও বাস কাউন্টার উচ্ছেদ, মোবাইল কোর্টে জরিমানা
- আপডেট সময় : ০৫:১৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

নরসিংদী | ২৩ মে ২০২৬ : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড়ে অবৈধ দোকান ও বাস কাউন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

গতকাল শুক্রবার (২২ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুর রহীম। অভিযানে হাইওয়ে পুলিশ, শিবপুর মডেল থানা পুলিশ এবং সাসেক প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অভিযান চলাকালে সিলেট থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সাময়িক পুনর্বাসনের লক্ষ্যে সড়কের পাশে নির্ধারিত একটি স্থানে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
এছাড়া যানজট নিরসনে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অননুমোদিতভাবে স্থাপিত বিআরটিসি, রয়্যাল পরিবহন ও নীলাচল পরিবহনের টিকিট কাউন্টার প্রায় ২০০ ফুট দূরে স্থানান্তর করা হয়। প্রশাসনের দাবি, এ উদ্যোগের ফলে ইটাখোলা মোড়ে যানবাহনের চাপ কমবে এবং ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে যাত্রীসেবা পরিবহনের কাউন্টারও সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড স্থাপন করা হয়েছে।
মোবাইল কোর্ট চলাকালে হাইওয়ে থানার ওসিকে সড়কের পাশে নতুন করে অবৈধ দোকান যাতে বসতে না পারে সেজন্য নিয়মিত মনিটরিং করার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে অভিযানকালে উল্টো পথে চলাচলের দায়ে দুটি ট্রাকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয় এবং মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














