ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিম জুটির সিনেমা ‘মালিক’
ঈদে বড়পর্দায় ঝড় তুলতে আসছে শুভ-মিমের ‘মালিক’
- আপডেট সময় : ০৬:১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা মালিক আগামী ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সম্প্রতি সিনেমাটির দুটি ভিন্নধর্মী ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
প্রকাশিত প্রথম পোস্টারে দেখা গেছে, আরিফিন শুভকে এক ভয়ংকর ও বিধ্বংসী অ্যাকশন লুকে। তার চোখেমুখে প্রতিশোধের আগুন এবং শক্তিশালী উপস্থিতি সিনেমাপ্রেমীদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে। অন্যদিকে দ্বিতীয় পোস্টারে রোমান্টিক আবহে শুভর সঙ্গে জুটি বেঁধে মোহময়ী রূপে ধরা দিয়েছেন বিদ্যা সিনহা মিম।
দুটি পোস্টারেই ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় ট্যাগলাইন— “Revenge Has A New Name”, যা সিনেমাটির গল্প ও থিম সম্পর্কে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
জানা গেছে, মালিক মূলত একটি অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমা। গল্পটি আবর্তিত হয়েছে এক জেদি ও সংগ্রামী যুবককে ঘিরে, যে মায়ের সম্মান ও নিজের হারানো অধিকার ফিরে পেতে অপরাধ জগতের শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত হয়। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ।
এদিকে পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, বিদ্যা সিনহা মিমকে এ সিনেমায় সম্পূর্ণ নতুন ও চমকপ্রদ চরিত্রে দেখা যাবে। সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ বর্তমানে কলকাতায় চলছে।
পরিচালক সাইফ চন্দন বলেন, “ঈদে বড়পর্দায় জমজমাট আয়োজন উপহার দিতেই আমরা ভিন্নধর্মী দুটি পোস্টার প্রকাশ করেছি। সেন্সর সম্পন্ন হওয়ার পর সিনেমাটির গান ও অ্যাকশন-প্যাকড ট্রেলার পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।”
সিনেমাপ্রেমীরা মনে করছেন, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে মালিক অন্যতম আলোচিত সিনেমা হতে যাচ্ছে।














