সীমান্তে বিশেষ টহল অভিযানে চোরাকারবারিদের ফেলে যাওয়া ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে ৫৯ বিজিবি
সোনামসজিদ সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৮৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার
- আপডেট সময় : ০২:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ | ২১ মে ২০২৬ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সিরাপগুলো ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীন সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মোঃ রায়হানুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর সতেরো ইঞ্চি আমবাগান এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায় এবং ঘটনাস্থলে ফেলে যায় বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ।
পরে টহল দল পরিত্যক্ত অবস্থায় ১৮৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে সাধারণ ডায়েরি (জিডি)ভুক্ত করার পর শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সীমান্ত এলাকায় বিজিবির এমন ধারাবাহিক অভিযান মাদক চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।














