বিদ্যমান বিচার ব্যবস্থা ব্যর্থ দাবি করে দ্রুত বিচার ও কঠোর শাস্তির আহ্বান মহিলা বিভাগের নেত্রীদের
নারী ও শিশুদের সুরক্ষায় শরীয়াহ আইন প্রবর্তনের দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিলা বিভাগের
- আপডেট সময় : ০৯:০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশে শরীয়াহ আইন প্রবর্তনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহিলা বিভাগ। সংগঠনটির নেত্রীদের দাবি, বিদ্যমান আইন ও বিচার ব্যবস্থা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ব্যর্থ হয়েছে এবং দ্রুত বিচার কার্যকর না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে।
বুধবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা বিভাগের সভানেত্রী মিসেস নুরুস সাবিহা এবং সদস্য সচিব হাফেজা বুশরা।
বিবৃতিতে নেত্রীদ্বয় বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের দেড় লক্ষাধিক মামলা আদালতে বিচারাধীন থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই বিচার কার্যকর হয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, “বর্তমান আইনি ব্যবস্থা অপরাধীদের সুযোগ করে দেয় এবং কার্যকর শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়।”
তারা বলেন, সম্প্রতি রাজধানীর রামপুরার একটি মাদ্রাসা থেকে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় নির্যাতনের অভিযোগ উঠেছে। বিষয়টির দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
নেত্রীদ্বয় আরও বলেন, গত বছরের আলোচিত আছিয়া হত্যা মামলার বিচার এখনও কার্যকর হয়নি। এছাড়া ২০০৯ সালে গ্রেপ্তার হওয়া সিরিয়াল কিলার রসু খানের শাস্তিও বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তারা। তাদের মতে, বিচার কার্যকর না হওয়ায় সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।
বিবৃতিতে তারা দাবি করেন, শরীয়াহ আইন কার্যকর করা হলে দ্রুততম সময়ে কঠোর শাস্তি বাস্তবায়নের মাধ্যমে অপরাধ দমন সম্ভব হবে এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে।
তবে আইন বিশেষজ্ঞদের মতে, দেশের সংবিধান ও প্রচলিত আইন কাঠামোর মধ্যেই বিচার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি, দ্রুত বিচার ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো এবং আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।














