প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয়-পঞ্চম শ্রেণির ছাত্রীদের নিয়ে গঠন হবে ‘হলদে পাখি’ দল
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা
- আপডেট সময় : ১১:০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ | ২০ মে ২০২৬: চাঁপাইনবাবগঞ্জ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, নেতৃত্বগুণ ও সুপ্ত প্রতিভা বিকাশে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভার আয়োজন করে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, অর্থায়নে ছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
জেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার শাহনাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।
সভায় ‘হলদে পাখি’ কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি ও শিক্ষার্থীদের মানসিক-নৈতিক বিকাশে এর ভূমিকা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন জেলা কমিশনার শাহনাজ বেগম। তিনি বলেন, প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তুলতে ‘হলদে পাখি’ অত্যন্ত কার্যকর একটি সহশিক্ষা কার্যক্রম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় কমিশনার ফারুকা বেগম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা খাতুন, রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী পারভীনসহ আরও অনেকে। সভায় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন সদস্য জয়নব বেগম।
মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীদের নিয়ে ‘হলদে পাখি’ দল গঠন করা হবে এবং নিয়মিত প্রশিক্ষণ, অনুশীলন ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়ন করা হবে।














