‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ’ প্রতিপাদ্যে সচেতনতা কর্মসূচি ও আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদর্শন
চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬: র্যালি, আলোচনা সভা ও উদ্ধার সরঞ্জাম প্রদর্শনী
- আপডেট সময় : ১০:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ | ২০ মে ২০২৬: “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন করা হয়।
বুধবার (২০ মে) সকাল ১০টায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর চাঁপাইনবাবগঞ্জ সদর ইউনিটে দিনের কর্মসূচি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফায়ার স্টেশন প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের উপ-সহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌতম কুমার বিশ্বাস, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ এবং উজ্জ্বল কুমার ঘোষ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগসহ নানা সংকটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ বাংলাদেশ গড়তে জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধার সরঞ্জাম প্রদর্শন করা হয়। উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ এসব সরঞ্জাম ঘুরে দেখেন এবং কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।














