প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ, পরদিন উদ্ধার হলো বস্তাবন্দী মরদেহ
চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকাকে হত্যা: বস্তাবন্দী মরদেহ উদ্ধার, স্বর্ণের কানের দুল লুটের অভিযোগে আটক ২
- আপডেট সময় : ০৫:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মহল্লার অধিরল্যাংড়ার মোড় চৌকাপাড়ার একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. রুবেল ও সুমি খাতুন নামে এক দম্পতিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত মরিয়ম বেগম পৌর এলাকার উজ্জ্বলপাড়ার বাসিন্দা ও মোসাদ্দেক হোসেনের স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সোমবার সকালে মরিয়ম বেগম চৌকাপাড়ার বাসিন্দা রুবেল ও সুমি দম্পতির বাড়িতে তাদের দুই সন্তানকে প্রাইভেট পড়াতে যান। পরে তিনি আর বাড়ি ফিরে না আসায় রাতে তার এক সন্তান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ সুপার আরও জানান, মঙ্গলবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ রুবেল ও সুমি দম্পতির বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতর থেকে মরিয়ম বেগমের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। আশ্চর্যের বিষয় হলো, ৯৯৯-এ ফোন করেছিলেন রুবেল নিজেই।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ধারণা করছে, স্বর্ণের কানের দুল লুটের উদ্দেশ্যে মরিয়ম বেগমকে হত্যা করা হয়ে থাকতে পারে। আটক রুবেল ও সুমির দেওয়া তথ্যের ভিত্তিতে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণের দুটি কানের দুল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই স্বর্ণ ব্যবসায়ীকেও আটক রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের ছেলে মারুফ হোসেন বনি বলেন, “গতকাল রাতেও আমরা মাকে খুঁজতে রুবেলের বাড়িতে গিয়েছিলাম। তখন তারা বলেছিল, প্রাইভেট পড়ানো শেষে মা চলে গেছেন।”
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।














