মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে ইউএনও’র মাধ্যমে স্মারকলিপি পেশ
ধুনটে মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প রাজস্ব খাতে নেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
- আপডেট সময় : ০৭:১৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

ধুনট, বগুড়া জেলা | ১৮ মে ২০২৬ : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক–শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে সরকারি গ্রেড অনুযায়ী বেতন–ভাতা প্রদানের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় একযোগে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়। এরই ধারাবাহিকতায় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামীর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ—ধুনট উপজেলা শাখার নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে কর্মরত শিক্ষক–শিক্ষিকা ও কেয়ারটেকাররা স্বল্প সম্মানীভিত্তিক অনিশ্চিত অবস্থায় দায়িত্ব পালন করে আসছেন। প্রকল্পটি জাতীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সংশ্লিষ্ট জনবল এখনো রাজস্ব কাঠামোর বাইরে থাকায় তারা সরকারি সুযোগ–সুবিধা থেকে বঞ্চিত। তাই তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে সরকারি বেতন কাঠামোর আওতায় আনার দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি হাফেজ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আনোয়ার হোসেন, মডেল কেয়ারটেকার মোঃ আব্দুল হালিম, সাধারণ কেয়ারটেকার নাজমুল হক, শিক্ষক শহিদুল ইসলাম, সিব্বির আহমেদ, আব্দুস সাত্তার, মাহমুদুল হাসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সরকারের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এই মানবিক ও ন্যায়সংগত দাবি বাস্তবায়িত হবে।














