জিরো কমপ্লেইন থানা, হয়রানিমুক্ত সেবা ও মাদক-জুয়া দমনে জোরালো অভিযানের ঘোষণা
দুই মাসে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তনের প্রতিশ্রুতি: আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির
- আপডেট সময় : ০৫:৩৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

রাজশাহী | ১৭ মে ২০২৬ :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির আগামী দুই মাসের মধ্যে রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রবিবার (১৭ মে) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীতে মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি পুলিশি কার্যক্রমকে আরও সেবামূলক, জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে আরএমপির সব ইউনিটকে কার্যকর নির্দেশনা প্রদান করা হয়েছে।
মাননীয় আইজিপির নির্দেশনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পুলিশ কমিশনারের কার্যালয়সহ মেট্রোপলিটন পুলিশের সব ইউনিটে সেবা নিতে এসে কোনো ব্যক্তি যেন আর্থিক বা অন্য কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।”
তিনি আরও জানান, মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্স গ্রহণের ক্ষেত্রে নাগরিকরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করা হবে।
সভায় আরএমপির সব স্তরের সদস্যদের স্বাধীনভাবে, পেশাদারিত্বের সঙ্গে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন নতুন কমিশনার। তিনি রাজশাহী মহানগরীকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম এবং আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ গাজিউর রহমান, পিপিএম। রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও সভায় উপস্থিত ছিলেন।














