ক্ষুদে খেলোয়াড়দের অংশগ্রহণে জমকালো আয়োজন, স্টেডিয়ামের পয়ঃনিষ্কাশন উন্নয়নে তাগিদ
কুমিল্লায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ আঞ্চলিক প্রতিযোগিতার উদ্বোধন, স্টেডিয়াম সংস্কারে দ্রুত নির্দেশ এমপি মনিরুলের
- আপডেট সময় : ০৫:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

কুমিল্লা | ১৭ মে ২০২৬ :
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ কুমিল্লা আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার সূচনা করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।

জেলা প্রশাসক মু: রেজা হাসান–এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, সিভিল সার্জন ডা. আলী নুর বশির, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু এবং জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার হোসেন।
এ আঞ্চলিক প্রতিযোগিতায় কুমিল্লাসহ ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার বিজয়ী ক্ষুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স ও সাঁতার।
উদ্বোধনী বক্তব্যে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, শিশু-কিশোরদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে হবে। ক্ষুদে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করা গেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরির সুযোগ সৃষ্টি হবে।
স্টেডিয়ামের বেহাল অবস্থা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন কাঁদামাখা মাঠে খেলাধুলা নয়, হালচাষ করা যায়।” দ্রুত সময়ের মধ্যে মাঠের পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করে খেলাধুলার উপযোগী করার নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে অংশগ্রহণকারী শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।














