জালালপুরে জানাজা শেষে গার্ড অব অনার প্রদান, পারিবারিক কবরস্থানে দাফন
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, গার্ড অব অনার প্রদান
- আপডেট সময় : ১২:৪২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

কটিয়াদী, কিশোরগঞ্জ | ১৬ মে ২০২৬ :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার গতকাল (১৬ মে) যোহরের নামাজের পর জালালপুর ইউনিয়নের ফেকামারা কামিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
দাফনের আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনি আক্তার তারানা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অফিস সহকারী (কেরানি) হিসেবে দায়িত্ব পালন করতেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগে শুক্রবার (১৫ মে) রাত ১০টায় পশ্চিম ফেকামারা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা ও দাফন অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, ইউপি সদস্য আব্দুল মতিন আসাদ, কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়লসহ সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদায় এ বীর মুক্তিযোদ্ধার দাফনে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়রা তার আত্মার মাগফিরাত কামনা করেন।














