কৃতি সন্তান ও সরকারি কর্মকর্তাদের সম্মাননা, দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৪৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

জয়পুরহাট | ১৭ মে ২০২৬ : জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার মোহাম্মদ মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ১০ জন কৃতি সন্তান ও গুণী ব্যক্তিসহ বিভিন্ন দপ্তরের ৫ জন সরকারি কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলা এবং এটিএন নিউজ–এর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।
বক্তাদের মধ্যে ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তরফদার রুকু, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি–এর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান সুইট, এক্সপো এক্সেসরিজ লিমিটেডের পরিচালক এনামুল হক, গ্রীন ভ্যালি একাডেমী (ইউকে)-এর ডিরেক্টর ও ইউকে ম্যানেজমেন্ট কলেজের ডিরেক্টর অব এডমিশন অ্যাডভোকেট তানজির আল ওয়াহাব, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী এবং পুলিশ সুপারের মিডিয়া উইংয়ের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল কুমার সরকার, মতলুব হোসেন, মো. সাহাবুদ্দিন, কবির হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, আবু রায়হান, সাগর কুমারসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সততা অপরিহার্য। একই সঙ্গে জয়পুরহাট জেলার উন্নয়ন, সম্ভাবনা ও ইতিবাচক কর্মকাণ্ড দেশব্যাপী তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।














