লাইসেন্সবিহীন করাত-কল পরিচালনায় মোবাইল কোর্টের জরিমানা, অভিযান অব্যাহত রাখার ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের মোবাইল কোর্ট অভিযান, জরিমানা আদায়
- আপডেট সময় : ০৫:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ | ১৪ মে ২০২৬:
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বন বিভাগ। রাজশাহী সামাজিক বন বিভাগ কর্তৃপক্ষের নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সদর উপজেলার হায়াত মোড়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, করাত-কল বিধিমালা-২০১২ লঙ্ঘন করে লাইসেন্স ছাড়া একাধিক করাত-কল দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছিল। এ সময় আইন অমান্য করে করাত-কল পরিচালনার দায়ে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের ওমর আলীর ছেলে কামরুলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এর সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ রাজশাহী সামাজিক বন বিভাগ–এর কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা।
বন বিভাগ সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদ রক্ষা এবং সরকারি বিধিমালা বাস্তবায়নে অবৈধ করাত-কলের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।






















