যৌতুকের অভিযোগে পরিকল্পিত হত্যার দাবি পরিবারের, তদন্তে পুলিশ
চট্টগ্রামে মা-মেয়ের মৃত্যু: স্বামীর রিমান্ড মঞ্জুর, শাশুড়ি পলাতক
- আপডেট সময় : ১০:৩৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক আশ্রয়ণ প্রকল্প এলাকায় মা ও তার দেড় বছরের শিশুকন্যার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীকে রিমান্ডে নিয়েছে পুলিশ, তবে শাশুড়ি এখনো পলাতক রয়েছেন।
নিহতরা হলেন সুমি আক্তার (১৯) ও তার দেড় বছরের মেয়ে ওয়াজিহা আক্তার। গত ১৭ মার্চ তাদের মরদেহ উদ্ধার করে আনোয়ারা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে মা ও শিশুর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর নিহত সুমি আক্তারের স্বামী মোঃ মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে গত ৩১ মার্চ চট্টগ্রাম আদালতে শুনানি শেষে আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে সুমি আক্তারকে নির্যাতন করা হচ্ছিল। পরিকল্পিতভাবে মা ও শিশুকে হত্যা করে আত্মহত্যা হিসেবে ঘটনাটি সাজানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি তাদের।
মামলার বাদী ও নিহতের মেজ ভাই নজরুল ইসলাম দুলাল বলেন,
“আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে না আসায় এখনো পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রম শুরু হয়নি। এ ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আনোয়ারা থানা পুলিশ এ বিষয়ে কারো কাছে তথ্য থাকলে থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।






















