গণমাধ্যমের স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতের দাবি
পটিয়া উপজেলায় সাংবাদিকদের ১৪ দফা দাবিতে সমাবেশ, বিএমএসএফের কর্মসূচি
- আপডেট সময় : ০২:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে

পটিয়াঃ চট্টগ্রামের পটিয়া উপজেলায় সাংবাদিকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দাবি সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পটিয়া শাখা।স্থানীয় একটি রেস্তোরাঁয় ১১ মে (সোমবার) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএমএসএফ পটিয়া শাখার সহ-সভাপতি ফারুকুর রহমান বিনজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জুয়েলর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় সহ-সভাপতি ও পটিয়া প্রেস ক্লাবর সভাপতি আবদুল হাকিম রানা।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল হাকিম রানা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা দিন দিন নির্যাতন, হয়রানি ও গ্রেফতারের শিকার হচ্ছেন। এ পরিস্থিতির প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বিএমএসএফ সরকারের কাছে ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
সভাপতির বক্তব্যে ফারুকুর রহমান বিনজু বলেন, রাষ্ট্র উন্নয়নে সরকারের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নানা নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়।
গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সত্ত্বেও প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত। তাই বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি আদায়ে সারাদেশে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ— মো. ইব্রাহিম চৌধুরী, মো. ফখরুল নাঈম, মো. পারভেজ, শাকিল, সায়েম, তানভীর, রাইয়ান, ফয়সাল ও বাবলুসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।






















