পীরগঞ্জে ৪ মৎস্য চাষীর মাঝে উন্নত প্রযুক্তি সহায়ক উপকরণ বিতরণ
আধুনিক মৎস্য চাষে উৎসাহ: পীরগঞ্জে চাষীদের মাঝে সহায়ক উপকরণ প্রদান
- আপডেট সময় : ০৫:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মৎস্য চাষীদের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
(৬ মে) ২০২৫-২৬ অর্থবছরের আওতায় “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর অধীনে চারজন প্রদর্শনী মৎস্য চাষীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, উপজেলার চারজন সফল মৎস্য চাষী—
মো. আব্দুল হোসেন, মোর্তুজা আলম, জাহিদুর রহমান ডলার ও তোহিদুল ইসলাম—এর মাঝে মোট ২ লক্ষ ৪০ হাজার টাকার এরেটর, উন্নত মানের ফিড, সার, চুন, ব্লিচিং পাউডার এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাকিম, কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এছাড়াও দুই দিনব্যাপী মৎস্য চাষীদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক চাষ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়, যা স্থানীয় মাছ উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেন।






















