ইজিপিপি প্রকল্পে প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখননে উপকৃত হবে কৃষক ও শ্রমিকরা
পীরগঞ্জে প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে নতুন আশা
- আপডেট সময় : ০৯:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারভুক্ত প্রকল্প ও ইজিপিপি (Employment Generation Program for the Poorest) কর্মসূচীর আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, হাজীপুর ইউনিয়নের অন্তরার ব্রিজ থেকে হাতিডোবা ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার দীর্ঘ অন্তরার খাল পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় পৌনে ৩ কোটি টাকা। এছাড়া প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ চাপোড়–মছলন্দপুর খাল পুনঃখনন কাজে ব্যয় হবে প্রায় পৌনে ১ কোটি টাকা।
তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় প্রায় ১ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। খাল পুনঃখনন সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা সেচ সুবিধা পেয়ে কৃষিকাজে ব্যাপকভাবে উপকৃত হবেন।
স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ এলাকায় কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অতিবৃষ্টি জনিত জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














