রেজিস্টার্ড লিজ থাকা সত্ত্বেও সশস্ত্র দখল, হাইকোর্টে বিচারাধীন সম্পত্তি নিয়ে উদ্বেগ
সিলেটে লাকী ডোর সেন্টারে জোরপূর্বক দখল: অস্ত্রের মুখে দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- আপডেট সময় : ১২:০০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

সিলেট | ২৮ এপ্রিল ২০২৬ :
সিলেট নগরীর জল্লারপার রোডে অবস্থিত রহমান ম্যানশনের “মেসার্স লাকী ডোর সেন্টার” নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রবেশ, ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে সশস্ত্র একদল ব্যক্তির বিরুদ্ধে।
ভুক্তভোগী মাহবুবুর রহমান চৌধুরী (পিতা: কাপ্তান মিয়া চৌধুরী) জানান, তিনি ১৯৭৭ সাল থেকে বৈধভাবে রেজিস্টার্ড লিজের মাধ্যমে উক্ত দোকানে ব্যবসা পরিচালনা করে আসছেন। বর্তমানে তিনি পরিবারসহ প্রবাসে অবস্থান করায় তার অনুপস্থিতিতে দোকানটির দেখভালের দায়িত্ব নিকট আত্মীয় মিজানের ওপর ন্যস্ত করা হয়।
অভিযোগে বলা হয়, আব্দুল গফফার ফাহিম (পিতা: মৃত আব্দুল ওয়াব ওরফে মেরাই মিয়া) দীর্ঘদিন ধরে সশস্ত্র সহযোগীদের নিয়ে দোকানে এসে চাঁদা দাবি করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। একপর্যায়ে তারা গভীর রাতে চাপাটি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে দোকানের তালা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে এবং অবৈধভাবে দখল নেয়।
এ সময় দোকানের সাইনবোর্ড পরিবর্তন করা হয় এবং ভেতরে থাকা মূল্যবান আসবাবপত্র—চেয়ার, টেবিল, ক্যাশ বক্সসহ বিভিন্ন ব্যবসায়িক মালামাল লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি উপস্থিত কেয়ারটেকারসহ সংশ্লিষ্টদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়, ফলে তারা আতঙ্কে স্থান ত্যাগ করেন।
আইনজীবীর মাধ্যমে জানা যায়, উক্ত সম্পত্তি সংক্রান্ত একটি মামলা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন (সিভিল রিভিশন নং ৩২৬৩/২০২২) এবং আদালত এখনো পর্যন্ত কোনো পক্ষকে উচ্ছেদের নির্দেশ প্রদান করেনি। ফলে এ ধরনের জোরপূর্বক দখল কার্যক্রম সম্পূর্ণ বেআইনি এবং বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত আব্দুল গফফার ফাহিমের এই সম্পত্তিতে কোনো আইনগত মালিকানা বা স্বার্থের প্রমাণ নেই। তবুও তিনি বেআইনিভাবে দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করে অবৈধ দখলদারদের উচ্ছেদ, দোকানের বৈধ দখল পুনরুদ্ধার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।






















