সামাজিক মাধ্যমে মাদকবিরোধী পোস্টের জেরে বাড়িতে হামলা, দোষীদের শাস্তির দাবি
মানিকগঞ্জে মাদকবিরোধী পোস্টের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা, বিএমএসএসের তীব্র নিন্দা
- আপডেট সময় : ১০:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ | ২৯ এপ্রিল ২০২৬:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাদকবিরোধী পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।
জানা যায়, জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর মানিকগঞ্জ প্রতিনিধি মারুফ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কবরস্থানে মাদকের বিস্তারের চিত্র তুলে ধরে পোস্ট করেন। এর জেরে গত ২৭ এপ্রিল রাতে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাইটঘর এলাকায় তাঁর নিজ বাড়িতে হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিন হোসেন এ হামলা চালায়। হামলার সময় সাংবাদিকের বাড়ির টিনের গেটে রড দিয়ে আঘাত করে ভাঙচুর করা হয়। পরে নিকটস্থ একটি দোকানের সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে রড হাতে ঘটনাস্থলে আসতে দেখা যায়।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী বলেন, একজন সাংবাদিকের বাসভবনে এ ধরনের ন্যাক্কারজনক হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আল আমিন পূর্বে একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিল। দীর্ঘদিন ধরে তেওতা ইউনিয়নের একটি কবরস্থানে সন্ধ্যার পর মাদক ব্যবসা চালিয়ে আসছিল সে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে ইয়াবা ও গাঁজা বিক্রি করত বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার পর সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।














