রাতের অভিযানে হাতেনাতে আটক, ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড
চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটায় অভিযান, দুইজনের কারাদণ্ড ও এস্কেভেটর-ট্রাক জব্দ
- আপডেট সময় : ১২:১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

চৌদ্দগ্রাম, কুমিল্লা | ২২ এপ্রিল ২০২৬ :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি এস্কেভেটর ও তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার ৩ নম্বর কালিকাপুর ইউনিয়নের ছপুয়া রাস্তার মাথায় আল-আমিন পেট্রোল পাম্পের পেছনের একটি জমিতে এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধভাবে মাটি কাটার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর ও তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়, যা অবৈধ মাটি পরিবহনে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি স্থানীয় জনগণকে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
প্রশাসনের এমন অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন।














