পরিবারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণে যুবকের ৬ মাসের কারাদণ্ড
- আপডেট সময় : ০৯:৪৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

দেওয়ানগঞ্জ, জামালপুর | ২১ এপ্রিল ২০২৬:
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে হজরত আলী (২৭) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত হজরত আলী পৌর শহরের চর ভবশুর ঠোটাপাড়া এলাকার মোনা সেখের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পৌর এলাকার চর ভবশুর ঠোটাপাড়া গ্রামে মাদক সেবন করে পরিবারের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন হজরত আলী। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
আটকের পর তিনি মাদক সেবন ও পরিবারের সঙ্গে অসদাচরণের বিষয়টি স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














