শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজনা, অভিযুক্তের স্বজনদের উপর হামলা
মানিকগঞ্জে শিশু হত্যা ঘিরে গণপিটুনিতে নিহত ২, আহত ১
- আপডেট সময় : ০৩:৪০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ, ১৭ এপ্রিল ২০২৬: মানিকগঞ্জ সদর উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে শিশু আতিকা’র মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নাঈম নামে এক যুবককে আটক করে এলাকাবাসী। পরে তাকে ছাড়িয়ে নিতে তার স্বজনরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নাঈমের পিতা পান্নু মিয়া এবং চাচা ফজলু মিয়া (ফারুক) ঘটনাস্থলেই নিহত হন। এ সময় নাজমুল নামে আরও একজন গুরুতর আহত হন। নিহত ও আহতদের বাড়ি একই এলাকার বনপারিল গ্রামে বলে জানা গেছে।
ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতেই পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, শিশু আতিকার হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং গণপিটুনির ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মর্মান্তিক এ ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।














