মাদক ও অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে প্রশাসনকে কড়া বার্তা
সিলেটে আইনশৃঙ্খলা কমিটির সভা: সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সিলেট, ১০ এপ্রিল ২০২৬: সিলেটে জেলা আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই সভায় সীমান্তে চোরাচালান, মাদক প্রতিরোধ এবং বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, মন্ত্রীর দেওয়া নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন দৃঢ়ভাবে কাজ করবে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।













