আশাশুনি বাজারে পথচারী ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করে রাজনৈতিক বার্তা তুলে ধরল জামায়াত
আশাশুনি উপজেলায় জামায়াতের লিফলেট বিতরণ ও প্রচার অভিযান
- আপডেট সময় : ০৭:৩৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আশাশুনি উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫টায় আশাশুনি বাজারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর এবং সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার। তিনি বাজারের পথচারী ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন, গণভোট মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা হলে দেশে দলীয়করণ ও একনায়কতন্ত্র বন্ধ হবে এবং সংসদে উচ্চ কক্ষ গঠন সম্ভব হবে। তিনি আরও দাবি করেন, বিএনপি গণভোট মানতে চায় না।
তিনি বলেন, জুলাই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল বিদ্যমান সাংবিধানিক কাঠামোর পরিবর্তন করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসান ঘটানো। এজন্য সংবিধান সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য এ.বি.এম. আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, সহ-সেক্রেটারী এস.এম শহিদুজ্জামান বাবলু, ডা. রবিউল ইসলাম রবি প্রমুখ।














