লোহাগাড়ার আধুনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিরাপত্তাহীনতায় আতঙ্কিত স্থানীয়রা
লোহাগাড়ায় মুখোমুখি বাইক সংঘর্ষে নিহত ১, আহত ১ — চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাড়ছে মৃত্যুঝুঁকি
- আপডেট সময় : ০২:৪৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১৯৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই একজন বাইক আরোহী মারা যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। বর্তমানে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, আহত ব্যক্তি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি, তবে তার মোটরসাইকেলের নম্বর প্লেট দেখে ধারণা করা হচ্ছে তিনি বান্দরবান জেলার বাসিন্দা হতে পারেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিন দিন একটি মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ।
স্থানীয়দের দাবি, মহাসড়কে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।














